
রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার দেড় মাস পেরিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে জড়িত সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা–কর্মীদের নাম উঠে আসে। ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হলেও আলোচিত নেতাদের বেশির ভাগই এখনো ধরাছোঁয়ার বাইরে।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার পরিকল্পনা, মাঠপর্যায়ে নেতৃত্ব ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। হামলার পুরো বিষয়টি বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ হানিফ মিয়া। পাশাপাশি স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনসহ কয়েকজনের নাম উঠে আসে। হানিফকে গ্রেপ্তার করতে না পারায় তদন্তের অগ্রগতি হচ্ছে না। ঘটনার জটও পুরোপুরি খুলছে না।
পরে লুট হওয়া ৩১ ধরনের মালামাল উদ্ধার হলেও ওষুধ, টিকা ও নথিপত্র নষ্ট হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, সংস্কার শেষে ভবনটি ব্যবহার করা গেলেও প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসাসামগ্রীর কিছু সংকট রয়ে গেছে। তারপরও বিভিন্ন কক্ষে ভাগ করে সেবা কার্যক্রম চলছে। বাইরে টিনের ছাউনির নিচে নিবন্ধন বুথ বসিয়ে সেবাপ্রার্থীদের নিবন্ধন করা হচ্ছে। শিশুদের টিকাদানের পাশাপাশি পরিবার পরিকল্পনার প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে। মাতৃ ও নারী স্বাস্থ্যসেবার অংশ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হচ্ছে। ল্যাবরেটরি সুবিধাও চালু হয়েছে।
হামলার ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি হিসেবে হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগে হস্তান্তর করা হয়।
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মনির হোসেন।