মুখ ও মুখোশের আড়ালে
ঋতিল মনীষা
একটা সময় ছিল, যখন পৃথিবীর জনসংখ্যা বর্তমানের তুলনায় অনেক কম ছিল। শিক্ষা-দীক্ষা, আত্মসচেতনতা, ভোগ-বিলাসের উপকরণের ব্যবহারও সীমিত ছিল।
প্রতিভার সন্ধান ছিল বিরল, গুণের পরিধি ছিল সংকীর্ণ, আর প্রতিভাবানদের নাগাল পাওয়া ছিল প্রায় অসম্ভব।
আজ পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮.২ বিলিয়ন (২০২৫ সালের হিসাব অনুযায়ী)। জনসংখ্যা বৃদ্ধির হারে এগিয়ে আছে এশিয়া ও আফ্রিকা। এই ঊর্ধ্বমুখী প্রবণতা সামাজিক, অর্থনৈতিক ও জলবায়ু ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলছে। উন্নত দেশগুলোতে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, আর উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে তরুণ জনসংখ্যা।
এই বিপুল তরুণ প্রজন্ম পড়াশোনার পাশাপাশি কর্মশক্তি বৃদ্ধির দাবি রাখে। অথচ সেই অনুযায়ী কর্মসংস্থান কিংবা উপযুক্ত সংস্কৃতি চর্চার প্রাতিষ্ঠানিক সুযোগের অভাব বর্তমান সমাজে সুস্পষ্ট।
অন্যদিকে, তাদের হাতের নাগালে এসে গেছে সহজলভ্য প্রযুক্তি। ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তি সহজেই তাদের যুক্ত করছে Google, Facebook, YouTube, TikTok, IMO, WhatsApp, Instagram প্রভৃতি প্ল্যাটফর্মে—অনেক ক্ষেত্রে বয়সসীমা উপেক্ষা করে। এসব জায়গায় শিক্ষামূলক কনটেন্ট খুঁজতে গেলেও চোখে পড়ে অজস্র অপ্রয়োজনীয় ও অশালীন গেইম ও বিজ্ঞাপনের নগ্ন আয়োজন ।
তরুণ প্রজন্মের জন্য সময়োপযোগী, আনন্দময় ও স্বাস্থ্যকর সংস্কৃতির চর্চা বিশ্বজুড়েই তুলনামূলক কম। তার ওপর, ইন্টারনেটভিত্তিক নিম্নমানের শিক্ষাব্যবস্থার বিস্তার অভিভাবকদের বাধ্য করছে অল্প বয়সেই সন্তানদের হাতে সেন্সরবিহীন ডিভাইস তুলে দিতে। এর ফলে ব্যক্তিগত জীবনের অন্তরালে অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করছে মিডিয়া ও পর্নোগ্রাফি।
ক্যামেরাবন্দী মানুষের সঙ্গে বাস্তব মানুষের পার্থক্য বোঝার আগেই আমরা তাদের অনুকরণ শুরু করি। নিজের দক্ষতা গড়ে ওঠার আগেই আমরা তাদের মতো হতে চাই। কর্পোরেট বাজারের বাণিজ্যিক উপস্থাপন কখন যেন সুরসুর করে ঘরের ভেতর ঢুকে প্রবেশ করেছে অন্দরমহলে।
মনের অজান্তেই আমরা আমাদের সাধারণ, সংগ্রামী জীবনে আর সন্তুষ্ট নই। আমরা চাই উল্লসিত, জাঁকজমকপূর্ণ, প্রদর্শনমূলক সুখ। আমরাও ভোগী হতে চাই। আমরাও চাই আমাদের ভোগী চেহারা অন্যেরা দেখে ঈর্ষান্বিত হয়ে ওঠুক, যে রকম ঈর্ষান্বিত হয়ে উঠছি আমরা প্রতি পলে অন্যেকে দেখে।
নিজেকে ভেতরে ও বাইরে আলাদা করে উপস্থাপন করার চিন্তায় নিমগ্ন হয়ে আমরা নিজেদেরই বারবার দেখে মুগ্ধ হতে চাই। এই আত্মপ্রেম ধীরে ধীরে আত্মমোহে রূপ নেয়।
নিজেকে চেনার আগেই আমরা আলাদা পরিচয়ের দাবি করি। অন্যকে জানার চেষ্টাও অনেক সময় নিজের প্রতিফলন খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই আত্ম-জ্ঞান চর্চার ক্ষেত্রে মনে রাখতে হবে দার্শনিকদের “know thyself” আর Narcissim এক নয়।
Marianne Williamson-এর ভাষায়—“Self-awareness is not self-centeredness, and spirituality is not narcissism; ‘know thyself’ is not a narcissistic pursuit.”
এই আত্মচর্চা যখন আত্মমগ্নতায় পরিণত হয়, তখন আমরা পৃথিবীকে সূক্ষ্মভাবে দেখি না—বরং পৃথিবীর আয়নায় কেবল নিজেদেরই দেখি। অবচেতনে কঠিন ও জটিল আত্ম প্রেমে নিজের সৌন্দর্যের মোহে যেন অন্য সব সৌন্দর্য ম্লান হয়ে যায়।
এই আত্মপ্রেম আমাদের সেই Narcissus-এর মতো করে তোলে, যে নিজের প্রতিচ্ছবির প্রেমে পড়ে নিজের মধ্যেই বন্দী হয়ে যায়। “Narcissism” শব্দটির উৎপত্তি গ্রিক পুরাণের Narcissus থেকে—যে নিজের প্রতিবিম্ব দেখে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত আত্মবিনাশের পথে যায়।
এখানে লক্ষণীয়—সৌন্দর্যের প্রতীক হিসেবে একজন পুরুষকেই দেখা হয়, যা প্রচলিত ধারণার বিপরীত। গ্রিক সমাজে পুরুষ মানেই ক্ষমতা, নিয়ন্ত্রণ ও আধিপত্যের প্রতীক। Androcracy (Andros + Kratos) শব্দটিও পুরুষ-শাসনের ধারণাকে নির্দেশ করে।
এই আধিপত্যবোধ অনেক সময় সামাজিক সহিংসতার রূপ নেয়, যেখানে নারীকে সম-অধিকারী মানুষ হিসেবে নয়, বরং অধিকারবস্তু হিসেবে দেখা হয়।
বর্তমান সময়ে আত্মপ্রেম কেবল ব্যক্তিগত গুণ নয়, বরং এক সামাজিক প্রবণতা। মানুষ নিজের সাফল্য, রূপ ও প্রতিভার প্রদর্শনে ব্যস্ত—যেন নিজের কাছেই নিজেকে প্রমাণ করার চেষ্টা।
কর্পোরেট প্রতিযোগিতার এই যুগে নিজেকে তুলে ধরা একধরনের survival technique ও বটে! কিন্তু সবাই যদি নিজের ঢোল নিজে পেটায়, তাহলে শোনার মানুষ কোথায়? এই প্রবণতার ভেতরে লুকিয়ে থাকে আত্মপ্রবঞ্চনা—নিজের দুর্বলতাকে আড়াল করার এক সূক্ষ্ম ভয়।
এই নার্সিসিজম ব্যক্তিগত জীবন ছাড়িয়ে সমাজ, রাষ্ট্র ও রাজনীতিতেও বিস্তৃত। জাতীয়তাবাদও অনেক সময় Narcissistic Fantasy-কে উসকে দেয়, যেখানে “আমার” ও “তোমার” বিভাজন তীব্র হয়।
চারপাশে ভাইরাল হওয়ার সহজ সুযোগ, ভোগ্যপণ্যের আকর্ষণ, আর সীমিত বাস্তবতায় দমিত আকাঙ্ক্ষা—এই সব মিলিয়ে মানুষ এক ধরনের দ্বন্দ্বে ভোগে। সেই দ্বন্দ্ব আড়াল করতে আমরা অহংকারের মুখোশ পরি।
সুতরাং, নার্সিসিজমের মূল ভিত্তি শ্রেষ্ঠত্ব নয়—বরং গভীর অনিরাপত্তা।
এই বিষয়টি নতুন নয়। আমেরিকান ইতিহাসবিদ ও সামাজিক সমালোচক (social critic) Christopher Lasch তাঁর The Culture of Narcissism (1979) গ্রন্থে দেখিয়েছেন, কিভাবে ভোগবাদী সমাজ মানুষকে যৌথ চেতনা থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিকেন্দ্রিক করে তোলে।
ফলে সামাজিক বন্ধন দুর্বল হয়, সহানুভূতি কমে যায়, এবং কমিউনিটি বোধ সংকুচিত হয়।
তবে নার্সিসিজমের কিছু ইতিবাচক দিকের দিকে একটু ঘুরে না তাকালেই নয়! মনোবিজ্ঞান বোঝায় স্বল্পমাত্রার আত্মবিশ্বাস মানুষকে ব্যর্থতা কাটিয়ে উঠতে, ঝুঁকি নিতে এবং নেতৃত্বগুণ অর্জনে সহায়তা করে।
কিন্তু এই প্রবণতা নিয়ন্ত্রণে রাখার কাজটি সহজ নয় মোটেও। অতিরিক্ত নার্সিসিজম থেকে প্রতিহিংসা, সহিংসতা—এমনকি যৌন অপরাধের মতো আচরণও জন্ম নিতে পারে।
Narcissistic Personality Disorder (NPD) মূলত একটি ব্যক্তিত্বগত সমস্যা, যার নির্দিষ্ট কোন ওষুধ নেই। দীর্ঘমেয়াদি সাইকোথেরাপি—যেমন CBT বা psychodynamic therapy—এর মাধ্যমে আচরণগত পরিবর্তন সম্ভব।
সহানুভূতিশীল কাজের চর্চা, মানবিক ও সামাজিক জ্ঞানের বিকাশ, উদার চিন্তা ভাবনা, নিজের সীমাবদ্ধতা স্বীকার, এবং সমালোচনা গ্রহণের মানসিকতা—এসবই এই প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
লেখক: কবি, কক্সবাজার
